ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম বিন সাঈদী বলেছেন, বাবাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে ফাঁসি দেয়া হলে সারা দেশে আগুন জ্বলে উঠবে। রোববার খুলনায় ১৮-দলীয় জোটের জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
তিনি তার বক্তৃতায় বলেন, বর্তমান সরকার প্রতিহিংসাবশে তার বাবাকে সাড়ে তিন বছর কারাগারে আটকে রেখেছে। মিথ্যা অভিযোগে একটি প্রহসনের বিচারে তাকে দণ্ড দেয়া হয়েছে। তিনি অবিলম্বে দেলওয়ার হোসেন সাঈদীর মুক্তি দাবি করেন
সাঈদী পুত্র শামীম সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমার বাবার মিথ্যা দণ্ডের বিরুদ্ধে ২৮ ফেব্রুয়ারি সারাদেশের জনগণ জবাব দিয়েছে। তারা এই দণ্ড মেনে নেয়নি। সরকার তারপরও যদি এই রায় কার্যকর করতে যায়, তাহলে গোটা দেশে আগুন জ্বলবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আমার প্রাণপ্রিয় বাবাকে সরকার ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিহিংসার আক্রোসের জেলের অন্ধকারে তিন বছর আটকিয়ে রেখেছে। তাকে মিথ্যাভাবে শতাব্দির নিষ্ঠুরতম ফাঁসির দন্ড দিয়েছে।
তার বক্তৃতার সময় জামায়াত ও শিবিরের হাজার হাজার নেতাকর্মী ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’ স্লোগান দিতে থাকেন। আর উপস্থিত জনতা অনবরত করতালি দিতে থাকেন। তার বক্তৃতার শুরুতে তাকে আন্তর্জাতিক মোফাচ্ছেরে কোরআন বলে পরিচয় করিয়ে দেয়া হয়।
জনসভায় জামায়াত ও শিবিরের প্রায় ডজন খানেক নেতা বক্তৃতা করেন। তাদের বক্তব্যে তত্বাবধায়ক সরকারের দাবি পাশাপাশি দলের নেতাদের মুক্তির দাবি মুখ্য হয়ে ওঠে। তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জামায়াতকে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র প্রতিহত করা হবে।




