যুদ্ধ ও সমরাস্ত্রের জন্য বিশ্বব্যাপী ব্যয় কমিয়ে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতিসংঘ সদর দফতরে ইকোসক চেম্বারে ‘গ্লোবাল এডুকেশন ইনিশিয়েটিভ’ এর বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সেখানে পাকিস্তানের মালালা ইউসুফজাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের পরিচালনায় অনুষ্ঠানে শেখ হাসিনা সমরাস্ত্রের জন্য বিশ্বব্যাপী বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়কে শিক্ষা খাতে স্থানান্তরের আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বের উচিত শিক্ষাকে রাজনৈতিক অঙ্গীকারের শীর্ষে স্থান দেয়া। জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানো ও আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে ২০১৫ সালের মধ্যে বিশ্বের সব শিশুর জন্য শিক্ষা নিশ্চিত করার পথ সুগম করা।
প্রধানমন্ত্রীর সঙ্গে প্যানেল আলোচনায় মালালা ইউসুফজাইও বক্তব্য রাখেন। এ সময় প্রধানমন্ত্রী মালালাকে উদ্দেশ্য করে বলেন, তোমার কণ্ঠে আমার কণ্ঠই প্রতিধ্বনিত হয়েছে। তিনি মালালাকে মেয়েদের অধিকার ও শিক্ষার ক্ষেত্রে বিশ্বের ‘সাহসী কণ্ঠ’ বলে অভিহিত করেন। এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খানিকটা অসুস্থ হয়ে পড়েন। ঠাণ্ডাজনিত কারণে দুইটি রাউন্ড টেবিল বৈঠকে যোগ দিতে পারেননি তিনি




