রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়আদালত অবমাননা আইন-২০১৩ অবৈধ ঘোষণা

আদালত অবমাননা আইন-২০১৩ অবৈধ ঘোষণা

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

সংশোধিত আদালত অবমাননা আইন-২০১৩ এর আটটি ধারা বে-আইনী ও অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এক রিট শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে আদালত অবমাননা আইনের সর্বশেষ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করেছেন। রিটকারীর আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে গত ৪ এপ্রিল একই আদালত ‘আদালত অবমাননা আইন-২০১৩’-এর আটটি ধারা কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছিলেন। রুলের জবাব দিতে বিবাদীদের ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল।

গত ২৩ ফেব্রুুয়ারি আদালত অবমাননা আইন-১৯২৬ রহিত করে নতুনভাবে করা ‘আদালত অবমাননা আইন-২০১৩’ গেজেট আকারে প্রকাশ করা হয়। ২৫ মার্চ এ আইনের ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩ (২) ধারা সংবিধানের ১০৮ অনুচ্ছেদের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক দাবি করে সুপ্রিমকোর্টের দুই আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ও অ্যাডভোকেট আয়শা খাতুন একটি রিট আবেদনটি দায়ের করেন।

রিটে বিবাদী করা হয় প্রধানমন্ত্রীর সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সংসদ বিষয়ক সচিবালয়ের সচিবকে।

রিট সুত্রে জানা যায়, নতুন আদালত অবমাননা আইনের ৪ ধারায় ‘নির্দোষ প্রকাশনা বা বিতরণ অবমাননা নয়’, ৫ ধারায় ‘পক্ষপাতহীন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ আদালত অবমাননা নয়’, ৬ ধারায় ‘অধস্তন আদালতের সভাপতিত্বকারী বিচারকের বিরুদ্ধে অভিযোগ যখন আদালত অবমাননা নয়’, ৭ নম্বর ধারায় ‘কতিপয় ক্ষেত্র ব্যতীত খাস কামরায় বা রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত প্রক্রিয়া সংক্রান্ত তথ্য প্রকাশ আদালত অবমাননা নয়’, ৯ নম্বর ধারায় ‘আদালত অবমাননার পরিধি বিস্তৃত না হওয়া’, ১০ নম্বর ধারায় ‘কতিপয় কর্ম আদালত অবমাননা নয়’, ১১ নম্বর ধারায় ‘আদালত অবমাননার অভিযোগ দায়ের ও নিষ্পত্তি’ এবং ১৩ নম্বর ধারায় ‘আদালত অবমাননার শাস্তির বিষয় উল্লেখ রয়েছে।

এ ধারাগুলো হাইকোর্টের এখতিয়ার সংবলিত সংবিধানের ১০৮ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে বলে রিটে বলা হয়।

আরও পড়ুন

সর্বশেষ