রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়সহজ জয় পেয়েছে ব্রাদার্স

সহজ জয় পেয়েছে ব্রাদার্স

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

তামিম ইকবাল-নাফিস ইকবাল তৃতীয় রাউন্ডের ম্যাচে জ্বলে না উঠলেও সহজ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ছয় উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে তারা।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব: ২১৩/৯ ( ৫০ ওভার)
ব্রাদার্স ইউনিয়ন: ২১৪/৪ (৪৩.৫ ওভার)
ফল: ব্রাদার্স ইউনিয়ন ছয় উইকেটে জয়ী

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ব্রাদার্স অধিনায়ক নাফিস ইকবাল। তার এই সিদ্ধান্ত কার্যকর হতে বিলম্ব হয়নি। অ্যাঞ্জেলো ম্যাথুস, আজহার মাহমুদ ও ইমতিয়াজ হোসেনের বোলিংয়ে কাবু হয়ে পড়ে ভিক্টোরিয়া ব্যাটসম্যানরা। দলীয় স্কোরবোর্ডে ৫৮ রান যোগ হতেই পাঁচ উইকেট হারায় তারা।

তবে যুবায়ের আহমেদ ও মোহাম্মদ শরীফের ৮০ রানের জুটিতে সস্ত্বি ফিরে পায় তারা। শরীফ ৩৩ রানে আজহার মাহমুদের শিকার হলে এই জুটি ভাঙে। পরের ওভারেই সচিত্র সেনানায়েকের কাছে উইকেট বিলিয়ে দেন যুবায়ের। ৫০ রানের সেরা ইনিংস খেলেন তিনি।

দলীয় ১৬৮ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে ফের ধুকতে থাকে ভিক্টোরিয়া। শেষ পর্যন্ত এনামুল হক ও মনির হোসেনের অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটিতে দলীয় দ্বিশতকে পৌঁছে তারা। এনামুল ২৯ ও মনির ১৬ রানে অপরাজিত ছিলেন। অধিনায়ক নাসির হোসেন করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান।

আজহার মাহমুদ, অ্যাঞ্জেলো ম্যাথুস ও ইমতিয়াজ হোসেন ব্রাদার্সের পক্ষে দুটি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে গত ম্যাচের সেঞ্চুরিয়ন তামিম ১৯ রানে সাজঘরে ফেরেন। অধিনায়ক নাফিস ফেরেন ২১ রানে। দলীয় ৬৬ রানে চার উইকেট হারায় ব্রাদার্স।

বিপদে পড়া দলকে জেতাতে দৃঢ় ব্যাটিং করেন ম্যাথুস ও নাজমুস সাদাত। তাদের ১৫২ রানের হার না মানা জুটিতে ৩৭ বল বাকি থাকতে জয় পায় ব্রাদার্স। ৮২ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা সাদাত। ৫৬ রানে জয় এনে দিতে তার সঙ্গী ম্যাথুসও ছিলেন শেষ পর্যন্ত।

আরও পড়ুন

সর্বশেষ