ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “ধানের শীষ হলো ৪২০ এর প্রতীক, ধানের শীষ মানে পেটের বিষ। জনগণ আর ধানের শীষে ভোট দেবে না। তাই নৌকা ডুববে না। নৌকার হাল ধরেছে শেখ হাসিনা।”
শুক্রবার বিকেলে নাটোরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা আওয়ামী লীগ সভাপতি সাজেদুর রহমান খানের সভাপতিত্বে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আন্দোলনের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে দমানো যাবে না। নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়েছেন এবার নির্বাচনে অংশ না নিলে হারিয়ে যাবেন।
মন্ত্রী বলেন, হাসিনার অধীনে নির্বাচন হলে খালেদা জিয়া বালির বস্তার মতো ধপাস করে পড়ে যাবে। শেখ হাসিনাকে এত ভয় পান কেন? কারণ হাসিনা আপনার কলিজায় হাত দিয়েছে তাই এতো ভয় পান। আগামী ২৪ জানুয়ারির মধ্যে শেখ হাসিনার অধিনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কেয়ামত হয়ে গেলেও কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না। শেখ হাসিনার অধিনের সেই নিবার্চনে সব দলও অংশ নেবে।
মোহাম্মদ নাসিম মঞ্চ থেকে নামার সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। জানা যায়, মঞ্চ থেকে মোহাম্মদ নাসিমকে নামার সহযোগিতা করতে যুবলীগ নেতা শিমুল হাত ধরতে গেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন, ‘তুমি যুবলীগ নেতা তুমি কেন আওয়ামী লীগ নেতার হাত ধরবে!’ এ কথা বলে শিমুলকে ধাক্কা দেয় বলে সেখানে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান।
এ সময় শিমুলও ঘুরে ওঠে মন্ত্রীর কলার ধরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদকেও কে বা কারা তাড়া করলে তিনি গাড়িতে ওঠে দ্রুত এলাকা ত্যাগ করেন। পরে নাসিমসহ ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে বিষষটি নিয়ন্ত্রণ করেন।




