ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার শেষ দিনের হরতাল চলছে। হরতালের দ্বিতীয় দিনে রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পিকেটিং করার সময় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
রাজধানীর আজিমপুরে এতিমখানা মোড়ে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে।
এতিমখানা মোড় থেকে একটি মিছিল বের করে ইডেন কলেজের দিকে যেতে চাইলে টহলরত পুলিশের সামনে পরে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শিবির কর্মীরা পাল্টা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তার পাশে থাকা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে চলে যায়।
রাজধানীর প্রগতি সরণির শাহজাদপুর এলাকায় বিক্ষোভ মিছিল থেকে সড়ক অবরোধের চেষ্টা করেছে জামায়াত শিবির কর্মীরা। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে জামায়াত-শিবিরের একটি দল মিছিলটি বের করে। মিছিল থেকে এক পর্যায়ে তারা নিজেদের ব্যানারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এছাড়া রাজধানীতে মিরপর ১০, কাজীপাড়া, ডেমরা, ধানমন্ডি, মগবাজার ওয়ারলেস মোড়, নতুন বাজার এলাকায় মিছিলের খবর পাওয়া গেছে। রাজধানীর বাইরে, মেহেরপুরে হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানে হরতাল সমর্থকরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পিকেটারদের হামলায় সদর থানার ওসিসহ তিন পুলিশ আহত হয় বলে জানা গেছে।
খুলনায় জামায়াতের হরতালের দ্বিতীয় দিনে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করার চেষ্টা করে জামায়াত শিবির কর্মীরা। এসময় তারা রাস্তার উপর পেট্রোল ঢেলে আগুন জ্বালায় এবং তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। সকাল ৭টায় নগরীর রূপসা সেতুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেয় জামায়াত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের জুলুম, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, গণগ্রেপ্তারের প্রতিবাদে ও আব্দুল কাদের মোল্লাসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৮ ও ১৯ সেপ্টেম্বর দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালনের আহ্বান করা হচ্ছে।




