বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে রাজি হয়েছেন দুর্নীতি মামলায় সাজা পেয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কারা চিকিৎসক মাহমুদুল হাসান জানান, চিকিৎসা সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা খালেদা জিয়াকে জানানো হয়েছে। নির্দেশনা মতে তিনি বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করাতে রাজি হয়েছেন। তিনি আরও বলেন, ওনাকে আজই হাসপাতালে নেওয়ার সব প্রস্তুতি ছিল কারা কর্তৃপক্ষের। তবে খালেদা জিয়া আজ যেতে রাজি হয়নি। অতি দ্রুতই ওনাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হবে। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান, খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অতি দ্রুতই হাসপাতালে ভর্তি করা হবে।



