রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে দেশজুড়ে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে

শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে দেশজুড়ে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে

সরকারের ব্যাপক উন্নয়নের জন্যই বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেছেন পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। ৫ অক্টোবর পটিয়ায় কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। সামশুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে দেশজুড়ে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এসব উন্নয়নের মাধ্যমে অনুন্নত এবং গ্রামীণ এলাকার লোকজন যাতে সুবিধা পায়, তাদের ভাগ্যের যাতে পরিবর্তন হয় সেদিকে নজর দেওয়া হয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় শুধু পটিয়াতেই গত ১০ বছরে ২ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাটের উন্নয়নের পাশাপাশি যেখানে অতীতে বিদ্যুৎ ছিল না সেখানে বিদ্যুতায়ন করা হয়েছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে। এ ছাড়াও গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে।

সংসদ সদস্য বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের রাষ্ট্র, ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ চলছে। ২১০০ সাল পর্যন্ত ডেল্টা প্রকল্প গ্রহণ করে সরকার এদেশের গণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এসব উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। বলেন সামশুল হক চৌধুরী।

কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ