ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া রংপুরের জনসভা থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কর্মসূচি ঘোষণা করবেন। সেই সঙ্গে ভবিষ্যতে কর্মপন্থা সম্পর্কেও বক্তব্য দেবেন। শনিবার সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে রোববারের জনসভার প্রস্তুতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি আন্দোলনের কৌশল অবলম্বন করে কাজ করছে। সময় হলেই চূড়ান্ত রূপরেখা দেখতে পাবে আওয়ামী লীগ। তখন বোঝা যাবে আন্দোলনে শক্তি বেশি জনগণের, না গণবিরোধী সরকারের।
তিনি বলেন, চেয়ারপারসনের রংপুরে আগমন উপলক্ষে নগরীসহ পুরো বিভাগের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে মানুষের মধ্যে যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে তাতে আমি অভিভূত। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশের মানুষ যে আন্দোলন করছে খালেদা জিয়ার আগমনের মধ্য দিয়ে তাতে নতুন মাত্রা যোগ করবে। এর আগে ভারপ্রাপ্ত মহাসচিব সভামঞ্চসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী খান সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




