সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়টানা মেয়াদে ক্ষমতায় থাকার ফলে উন্নয়নগুলো দৃশ্যমান হয়েছে: প্রধানমন্ত্রী

টানা মেয়াদে ক্ষমতায় থাকার ফলে উন্নয়নগুলো দৃশ্যমান হয়েছে: প্রধানমন্ত্রী

টানা মেয়াদে ক্ষমতায় থাকার ফলে বাংলাদেশের উন্নয়নগুলো দৃশ্যমান হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আজকে দেশ অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশ আরও এগিয়ে যাবে। উন্নয়নের এই ধারাটা যেন অব্যহত থাকে, সেই আহ্বান জানাই। ২৪ জুলাই দুপুরে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। উন্নয়নশীল দেশের কাতার থেকে আমরা উন্নত দেশে পরিণত হবো, তার জন্য এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের কাছ থেকেও বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনাসহ বিভিন্ন ধরনের পরামর্শ আহ্বান করেন প্রধানমন্ত্রী। ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবসহ ৬৪ জেলায় কর্মরত জেলা প্রশাসক এবং আট বিভাগীয় কমিশনার উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ২৬ জুলাই পর্যন্ত।

এর আগে, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তিন দিনব্যাপী এ সম্মেলনে ১৮টি অধিবেশনের মাধ্যমে আপনারা মাঠ পর্যায়ের সমস্যা এবং সম্ভাবনার কথা নীতি-নির্ধারণীর পর্যায়ে সরাসরি তুলে ধরার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক শায়লা ফারজানা, নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ, রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিব নজিবুর রহমান।

তিন দিনের এই সম্মেলনে সারাদেশের জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া মোট ৩৪৭টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এ ছাড়া, জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আর সম্মেলন শেষে এ সম্পর্কে আনুষ্ঠানিক ব্রিফিং করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুন

সর্বশেষ