২৪ জুলাই সকালে ভারী বৃষ্টিতে দুর্ভোগে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও খেটে খাওয়া মানুষ। নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, সিডিএ আবাসিক, আগ্রাবাদের নিচু এলাকায় জমেছে হাঁটুপানি। পাহাড় ক্ষয়ে বৃষ্টির পানির সঙ্গে নামছে প্রচুর বালু। ভরাট হচ্ছে নালা-খাল, পানি উঠে যাচ্ছে সড়কে। ২৪ ঘণ্টায় ৭৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে নগরের পতেঙ্গা আবহাওয়া অফিস।
কালো মেঘে আকাশ ছেয়ে যাওয়ায় নগরের সড়কগুলোতে গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। কমে গেছে রিকশা, সিএনজি অটোরিকশাসহ গণপরিবহনের সংখ্যাও। পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ রুবেল জানান, মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গায় ৭৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তিনি জানান, ভোর ৪টা ৪১ মিনিটে কর্ণফুলী নদীতে জোয়ার শুরু হয়েছে। সকাল ১০টা ৫২ মিনিটে ভাটা শুরু হবে। দ্বিতীয় জোয়ার আসবে বিকেলে ৫টা ২০ মিনিটে। ভাটা শুরু হবে সোয়া ১১টায়।
এদিকে, ২৩ জুলাই উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদফতর।




