জ্বালাও-পোড়াও করে যারা দেশের মানুষের ক্ষতি করে তাদেরকে আগামী নির্বাচনে জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা উপজেলার হাজীগাঁও গ্রামে ‘গুচ্ছগ্রাম প্রকল্প ২’ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গৃহহীনদের পূর্ণবাসনের আওতায় আনতে এ গুচ্ছ গ্রাম প্রকল্প নিয়েছে। আনোয়ারার এ প্রকল্পে শিক্ষা চিকিৎসাসহ সব ধরণের সুযোগ সুবিধা থাকবে।
‘উপজেলা প্রসাশনের দৃষ্টি থাকবে এ প্রকল্পে, যাতে যেন মদ, জুয়া, মাদক ব্যবসাসহ অসামাজিক কোন কার্যক্রম এখানে না চলে। এ প্রকল্পে খুব শীঘ্রই বিদ্যুতের ব্যবস্থা করা হবে। এটি হবে বাংলাদেশের শ্রেষ্ঠ গুচ্ছগ্রাম।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব ও গুচ্ছগ্রাম প্রকল্প পরিচালক মাহবুবুল আলম, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) গৌতম বাড়ৈ।
এতে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মন্নান, সাধারন সম্পাদক এম. মালেক, বারখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাইত জলিল শাকিল। উপকার ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, আকতার হোসেন ও চম্পা বেগম প্রমূখ।
গুচ্ছগ্রাম উদ্ভোধনী অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু প্রাথমিক বিদ্যালয়ের উদ্ভোধন ও গুচ্ছগ্রাম প্রকল্প ঘুরে দেখেন। এ সময় ৪০টি পরিবারের মাঝে দলিল, গাছের চারা, শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ করেন তিনি।




