ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ১ জুন সকাল ৮টা থেকে কমলাপুর স্টেশন থেকে ১০ জুনের টিকিট দেওয়া হচ্ছে। এভাবে সিডিউল অনুযায়ী ২ জুন শনিবার পাওয়া যাবে ১১ জুন সোমবারের টিকিট, ৩ জুন রোববার পাবে ১২ জুনের, ৪ জুন সোমবার ১৩ জুনের, ৫ জুন মঙ্গলবার পাওয়া যাবে ১৪ জুন বৃহস্পতিবারের এবং সর্বশেষ ৬ জুন দেওয়া হবে ১৫ জুন শুক্রবারের অগ্রিম টিকিট।রেল কর্তৃপক্ষ জানান, একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। ঈদের এই অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়। টিকিট বিক্রয়কালে নির্ধারিত চলতি কাউন্টার থেকে প্রতিদিনের যাত্রার টিকিট ক্রয় করা যাবে।
সুবর্ণ এক্সপ্রেস ও সোনারবাংলা ট্রেনে কোনো আসনবিহীন টিকিট দেওয়া হবে না।অন্যান্য ট্রেনের ক্ষেত্রে শুধুমাত্র যাত্রীর অনুরোধে আসনবিহীন টিকিট দেওয়া হবে। এদিকে ভোর থেকে কাউন্টারগুলোর সামনে লাইনে দাঁড়িয়ে রয়েছেন টিকিটপ্রত্যাশীরা। সুশৃঙ্খলভাবে টিকিট দিতে রেলস্টেশনে রেল পুলিশ ও র্যাবের একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। টিকিট কালোবাজারি রোধে রেলস্টেশনের সঙ্গে কাউন্টারের ভেতর-বাইরে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনা করা হয়েছে। টিকিট নেওয়ার জন্য অনেকেই ৩১ মে সন্ধ্যার আগেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীরা ভিড় জমাচ্ছেন। লাইনে দাঁড়িয়েই ইফতার ও সাহরি করেছেন তারা। প্রতিবছরই ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথমদিনে কমলাপুর রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় বাড়তে থাকে।




