ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার পরিবর্তন না হলে বড় কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ করবে জামায়াত জোট। এর আগে জামায়াতের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে মামুনুল হক বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেক শঙ্কা রয়েছে। নির্বাচন নিরপেক্ষ হবে, এমন আস্থা তারা রাখতে পারছেন না। নির্বাচন কমিশনের সচিব পর্যায়ে দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এ বিষয়ে সরকার নির্লজ্জ ভূমিকা পালন করছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মামুনুল হক। তিনি বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে তারা চুপ করে বসে থাকবেন না। নিরপেক্ষ নির্বাচন আদায় এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় যেকোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আগামী ৩১ অক্টোবরের লংমার্চের দাবিনামা, রুট ও সময়সূচি তুলে ধরেন মামুনুল হক। কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে এলডিপির চেয়ারম্যান অলি আহমদ বীর বিক্রম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।




