চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
বৃহস্পতিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আটটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করবেন।
ওইদিন ফটিকছড়ি উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরে পাইন্দং ফেলাগাজির দীঘির সিএন্ডবি মাঠে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে শেখ হাসিনার।
প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের উদ্বোধন করবেন সেগুলোর মধ্যে রয়েছে, হালিশহরে নির্মিত ৮৫ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন দেশের সর্ববৃহৎ খাদ্য সংরক্ষণাগার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত সাততলা বর্হির্বিভাগ ভবন, ৫০ শয্যায় উন্নীত চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স, চমেক হাসপাতালের নবনির্মিত পাঁচতলা ডেন্টাল ভবন, ৫০ শয্যায় উন্নীত সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, লোহাগাড়া ট্রমা সেন্টার, চমেক-এর নতুন প্রশাসনিক ভবন এবং ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন।
এছাড়াও প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি আউটার রিং রোড, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাততলা ছাত্রী হোস্টেল ভবন এবং চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের দুইটি প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করবেন।




