শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপহরতাল করে রায় বদলানো যায় না : আইনমন্ত্রী

হরতাল করে রায় বদলানো যায় না : আইনমন্ত্রী

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

হরতাল বা সভা সমিতি করে রায় বদলানো যায় না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
মঙ্গলবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সর্বশেষ নিয়োগ পাওয়া বিচারকদের একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনের পর আইনমন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে বিচারকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। হরতাল বা সভা সমিতি করে রায় বদলানো যায় না।”
তিনি আরও বলেন, “আইনের শাসনের ওপর গণতন্ত্র নির্ভর করে। আইনের শাসনের ভিত হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। এর ওপর সবার আস্থা থাকতে হবে। নয়তো গণতান্ত্রিক ব্যবস্থা ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ এগিয়ে যেতে পারে না।”
গত ১ অগাস্ট এক রিট আবেদনের রায়ে হাই কোর্ট রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করার পর মঙ্গল ও বুধবার টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকে জামায়াত।
দলের প্রচার বিভাগের নেতা মো. ইব্রাহিমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে হরতালের পাশাপাশি রায়ের বিরুদ্ধে কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
আইনমন্ত্রী বলেন, হাইকোর্ট বা কোনো আদালত কোনো রায় দিলে তা সবারই মেনে নেয়া উচিত। রায়ের বিরুদ্ধে আপিলের ব্যবস্থা আছে। আপিল বিদ্যমান থাকা অবস্থায় বা আপিলের রায় আসার পর বা কোনো রায়ের পর এর বিরুদ্ধে হরতাল ও রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি আইনের শাসনের পরিপন্থী।
হরতালের নামে এই ধরনের অরাজকতা বা সংহিসতা সৃষ্টি করা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ