শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়রনির জামিন নামঞ্জুর করেছেন আদালত

রনির জামিন নামঞ্জুর করেছেন আদালত

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

দুই সাংবাদিক পেটানোর ঘটনায় হত্যাচেষ্টার মামলায় সংসদ সদস্য গোলাম মাওলা রনির জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সকালে মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক ড. আকতারুজ্জামান শুনানি শেষে রনির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে রনির পক্ষে শুনানি করেন আইনজীবী কবির হোসেন এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী আনিসুল হক। এদিকে, রনির আইনজীবী কবির হোসেন জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন।
গত ২৮ জুলাই মহানগর দায়রা জজ আদালতে রনির আইনজীবী কবির হোসেন জামিনের আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য ১৩ আগস্ট তারিখ ঠিক করে আদালত।
গত ২৫ জুলাই রনির করা জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে রনি জামিনে ছিলেন। তবে ২৪ জুলাই রনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২০ জুলাই দুপুরে রাজধানীর তোপখানা সড়কের মেহেরবা প্লাজায় ব্যক্তিগত কার্যালয়ের সামনে ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের দুই সংবাদকর্মী ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে মারধর করেন সাংসদ রনি। ওই দিন সন্ধ্যায় ইনডিপেনডেন্ট টিভির সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী হত্যাচেষ্টার অভিযোগে গোলাম মাওলাসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন।
আর টিভি চ্যানেলটির অন্যতম মালিক সালমান এফ রহমান ও দুই সংবাদকর্মীর বিরুদ্ধে চাঁদা দাবি, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে একই থানায় পাল্টা মামলা করেন গোলাম মাওলা রনি।
পরে ২১ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমপর্ণ করে আবেদন করলে মহানগর হাকিম রনির জামিন মঞ্জুর করে রনির। কিন্তু পরে মামলার বাদি মুখ্য মহানগর হাকিমের আদালতে এ জামিন বাতিলের আবেদন করেন।
উল্লেখ্য, রনি পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য।

আরও পড়ুন

সর্বশেষ