রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাজশাহীতে বাড়ির ভেতরে বাস, ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত

রাজশাহীতে বাড়ির ভেতরে বাস, ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত

রাজশাহী শহরে চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী একটি বাস পাশের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এতে বাড়িতে থাকা ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আটজন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বহরমপুর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন বসির আহাম্মেদ (৪০) ও রেশমা বেগম (৩৫)। বশির রিকশাভ্যানচালক ছিলেন। রেশমা অন্যের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন তাঁদের বড় ছেলে রাশিদুল ইসলাম। রাশিদুলের আরও ছোট দুই ভাই রয়েছে। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাসের ধাক্কায় বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকা ঘুণ্টিঘর ভেঙে গেছে। রাস্তার পাশেই ছিল নিহত বসির আহাম্মেদের টিনের ছাউনি দেওয়া ছাপরাঘর। বাসের ধাক্কায় সেটিও তছনছ হয়ে গেছে। রাস্তার পাশে বসে বসির আহাম্মেদের তিন ছেলে মা-বাবার ছবি হাতে নিয়ে কাঁদছে।

বাসযাত্রী ফিরোজ কবির বলেন, রাত ১২টার দিকে কেয়া পরিবহনের বাসটি চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে ছেড়ে আসে। বাসটি রাত সাড়ে নয়টায় ছাড়ার কথা ছিল। বাস ছাড়তে দেরি হওয়ার কারণে চালক অসম্ভব দ্রুতগতিতে চালাচ্ছিলেন। রাত দেড়টার দিকে রাজশাহী নগরের বহরমপুর সিটি বাইপাস এলাকায় রেলক্রসিংয়ের দিকে মোড় নেওয়ার সময় চালক হঠাৎ করে বাসের গতি কমানোর জন্য ব্রেক করেন। বাসটি না ঘুরে ফুটপাতের ওপর দিয়ে একটি বাড়ির ভেতরে ঢুকে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। এ সময় চালক লাফ দিয়ে বাস থেকে নেমে যান।

জানা গেছে, বাসের ধাক্কায় রেলওয়ের ঘুণ্টিঘর ভেঙে প্রহরী (গেট কিপার) রবিউল হাসান (৫৫) ও তাঁর স্ত্রী চাম্পা বেগম (৫০) আহত হয়েছেন। রবিউল, চাম্পা ও মানিক নামের বাসের এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরও পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বলেন, বসির ও রেশমার লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। আহত রবিউল, চাম্পা ও মানিকের অবস্থা শঙ্কাজনক।

আরও পড়ুন

সর্বশেষ