ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়, আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে খায়রুল হক প্রধান বিচারপতির প্রাপ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি পাবেন।
যোগ দেয়ার তারিখ থেকে কার্যকর হবে তর এই নিয়োগ।
২০১০ সালের অক্টোবর থেকে অধ্যাপক ড. এম শাহ আলম আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়াম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বি এম খায়রুল হক ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
১৯৪৪ সালের ১৮ মে মাদারীপুর জেলার রাজৈর থানায় জন্ম নেয়া খায়রুল হক ম্যাট্রিকুলেশন পাশ করেন ১৯৬০ সালে। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর ১৯৭৫ সালে লন্ডনের লিংকনস ইন থেকে তিনি বার অ্যাট ল’ করেন।
১৯৭০ সালে আইনজীবী হিসেবে কাজ শুরুর পর ১৯৭৬ সালে হাইকোর্টে এবং ১৯৮২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন খায়রুল হক।
১৯৭৮ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে খণ্ডকালীন শিক্ষকতাও করেন তিনি।
খায়রুল হক হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ১৯৯৮ সালের ২৭ এপ্রিল। স্থায়ী হন ২০০০ সালের ২৭ এপ্রিল। এরপর ২০০৯ সালের ১৪ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান।
হাই কোর্টে বঙ্গবন্ধু হত্যা মামলা, সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা, স্বাধীনতার ঘোষণা ও ঘোষক সম্পর্কিত মামলা, রেসকোর্স ময়দানে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণ, ঢাকার চার প্রধান নদী রক্ষা, ঢাকার ট্যানারি স্থানান্তর এবং আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার, ফতোয়াসহ বিভিন্ন আলোচিত মামলার রায় আসে খায়রুল হকের আদালত থেকেই।
জুডিসিয়াল সার্ভিস কমিশনের প্রধান হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন।




