শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ঈদের পর মাঠে নামছে আওয়ামী লীগ : দীপু মনি

ঈদের পর মাঠে নামছে আওয়ামী লীগ : দীপু মনি

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপির অতীত কার্যক্রম এবং আওয়ামী লীগের সফলতা তুলে ধরতে ঈদের পর সাংগঠনিক শক্তি নিয়ে আওয়ামী লীগ মাঠে নামছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন।
চাঁদপুরে সফর শেষে আজ শুক্রবার দুপুরে তিনি সাংবাদিকদের একথা জানান।
চলতি রমজান মাসের শেষে ঈদের পর নতুন উদ্যোমে কাজে নামার ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে দীপু মনি বলেন, “আওয়ামী লীগ গণমানুষের দল। গত চার বছরে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেই সাফল্যের কথা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”
“এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জোট সরকারের সময় দেশে কি অরাজক পরিস্থিতি ছিল, দেশে কীভাবে নিপীড়ন-নির্যাতন ছিল, দুর্নীতি-দুঃশাসন চলেছে, জঙ্গী-সন্ত্রাসবাদ চলেছে সেই কথাগুলো সাধারণ মানুষকে আবারোও মনে করিয়ে দিতে হবে”, বলেন তিনি।
একটি নির্বাচন যখন আসে তখন মানুষ ঠিক করেন তারা কোনদিকে ভোট দিবেন- উল্লেখ করে দীপু মনি বলেন, “তারা যেন জেনে-বুঝে অতীতের কথা চিন্তা করে ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন সেজন্য দলীয় নেতাকর্মীদের নতুন করে আবারও উজ্জীবিত করা হবে।”
তিনি বলেন, “বাড়ি বাড়ি গিয়ে সবাইকে অতীতের কথা যেমন স্মরণ করিয়ে দিতে হবে। একই সঙ্গে সরকারের সাফল্যের কথাও মানুষের কাছে তুলে ধরতে হবে।”
দেশের জনগণের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জনগণ যেন আমাদের আবারও সুযোগ দেন, যাতে আমরা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি। দেশ যেন এগিয়ে যায় এবং ২০২১ সালে আমরা যেন অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারি।”
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও জানান, ঈদের পর বিএনপি-জামায়াত এবং হেফাজতের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ সর্বশক্তি নিয়ে মাঠে নামছে।

আরও পড়ুন

সর্বশেষ