ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল বুধবার। আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের এ তারিখ ধার্য করেন।
এটি হবে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার ষষ্ঠ রায়।
এর আগে দুটি ট্রাইব্যুনাল পাঁচটি মামলার রায় দিয়েছেন। ট্রাইব্যুনাল-১ দিয়েছেন দুটি, বাকি তিনটির রায় দিয়েছেন ট্রাইব্যুনাল-২। এর মধ্যে তিনটিই এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন।
চলতি বছরের ২১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায় দেন ট্রাইব্যুনাল-২। সেদিন জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ৫ ফেব্রুয়ারি একই ট্রাইব্যুনাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তৃতীয় রায় আসে ট্রাইব্যনাল-১ থেকে। ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এরপর ৯ মে চতুর্থ রায়ে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। গতকাল ১৫ জুলাই জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-১।




