শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমিছিল-শ্লোগানে পালিত হচ্ছে গণজাগরণ মঞ্চের হরতাল

মিছিল-শ্লোগানে পালিত হচ্ছে গণজাগরণ মঞ্চের হরতাল

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

রাজাকার শিরোমণি গোলাম আজমের রায় প্রত্যাখান করে গণজাগরণ মঞ্চের ডাকা হরতাল বন্দরনগরী চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। হরতালের সমর্থনে নগরীতে দফায় দফায় মিছিল করেছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।

হরতালের সমর্থনে মঙ্গলবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ও সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহবায়ক শরীফ চৌহান হরতাল সফল করায় নগরবাসীকে অভিনন্দন জানান। একই সঙ্গে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চের মিছিলে বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘জাতি একাত্তরে গণহত্যার মূল হোতা গোলাম আজমের ৯০ বছরের কারাদন্ডের রায় প্রত্যাখান করেছে। জাতি আজ ক্ষুব্ধ ও হতাশ।’

শরীফ চৌহান বলেন, ‘আরেক যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রত্যাশা করে জাতি। প্রত্যাশিত রায় না হলে সারাদেশে জনতার ক্ষোভের বিষ্ফোরণ ঘটবে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি রবিউল হুসেন, সাধারণ সম্পাদক আহসান হাবীব জনি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নোবেল,  ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরি জয়, সাধারণ সম্পাদক বিপ্লব দাশ, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরহাদ জামান জনি, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের যুগ্ম আহবায়ক প্রীতম দাশ ও রুবেল দাশ প্রমুখ।

উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলার রায় ঘোষণা করা হবে বুধবার। মঙ্গলবার এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এদিকে হরতালের সমর্থনে গণজাগরণ মঞ্চের কর্মীরা মঙ্গলবার সকাল ৭টা থেকেই নগরীর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থিত স্বাধীনতা চত্বরে অবস্থান নেওয়া নেন।

পরে স্বাধীনতা চত্বর থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী ও সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহবায়ক শরীফ চৌহান বাংলানিউজকে বলেন, ‘আমরা অহিংস ও শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। রাজাকার শিরোমণি গোলাম আজমের রায় প্রত্যাখান করে বন্দরনগরীতে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছেন।’

এদিকে গণজাগরণ মঞ্চের হরতালের সমর্থনে নগরীতের বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোটও।

আরও পড়ুন

সর্বশেষ