প্রধানমন্ত্রীর কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিবের নাম ভাঙ্গিয়ে সরকারি গাড়ি ও অফিস ব্যবহার করছেন বিটিভির সাবেক এক কর্মকর্তা। গত ২৮ ডিসেম্বর বিটিভির পরিচালক (বার্তা) পদে চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হওয়া কবি নাসির আহমেদ এখনো নিয়মিত প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করছেন, অফিস ব্যবহার করছেন। বার্তা কক্ষে এসে বিএনপি-জামায়াত পন্থি প্রযোজক ও রিপোর্টারদের সঙ্গে বৈঠক করছেন। সুধু তাই নয়, বার্তা কক্ষে এসে নিউজ কভারেজ ও বুলেটিনে অযাচিত হস্তক্ষেপ করছেন। যাতে করে প্রতিদিন-ই বার্তা কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। বিটিভি বার্তা শাখার নির্ভরযোগ্য সুত্র জানায় প্রতিদিন-ই তিনি অফিসে এসে বলছেন, তার পুনরায় নিয়োগ সময়ের ব্যপার মাত্র। কখনও মহাপরিচালকের, কখনও জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, কখনওবা প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলছেন তার নিয়োগের কাগজপত্র ঠিক হয়ে আছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে জনপ্রশাসন কিংবা তথ্য মন্ত্রনালয়ে এরকম কোন আদেশ কিংবা নির্দেশনা নেই। এ ব্যপারে তথ্য সচিবের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি। পুরো বিষয়টি নিয়ে বার্তা কক্ষে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। নাম প্রকাশ না করা শর্তে বিটিভির এক কর্মকর্তা জানান বার্তা শাখার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা তার আচরনে ক্ষুব্ধ। যেকোনো সময়ে অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন তারা।



