বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার সকালে জেলার মাটিডালি ও কালীবালা নামক স্থানে এই দু’টি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মন্টু মিয়া (২৮) ও জামিনুর রহমান সরদার (২৯)। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মন্টু মিয়া সবজি বোঝাই একটি ভ্যান নিয়ে শহরের দিকে আসছিল। ভ্যানটি মাটিডালি-পীরগাছা সড়কের কালীবালা নামক স্থানে পৌঁছুলে বালু বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মন্টু মিয়া নিহত হন। তিনি কালীবালা গ্রামের আবুল হোসেনের ছেলে। অপরদিকে, সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যানচালক জামিনুর রহমান সরদার মারা যান। তিনি জেলার সাখারিয়া গ্রামের মৃত খাদেম আলী সরদারের ছেলে। বগুড়া সদর থানার ওসি আবুল বাশার সড়ক দুর্ঘটনায় দুইজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।



