রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৫টি স্বর্ণের বারসহ বলাই পাল (৪৫) নামে একজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে স্বর্ণসহ আটক করা হয়। কমলাপুর জিআরপি থানার (ওসি) আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে তূর্ণা নিশীথা ট্রেন থেকে সকাল সাড়ে ৮টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে নামেন বলাই পাল। তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে তল্লাশি করে কোমরের বেল্ট থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি মজিদ।



