৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষায় ৯ হাজার ৮২২ জন উত্তীর্ণ হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি)’র পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৬ জানুয়ারি থেকে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে BCS লিখে স্পেস দিয়ে 34 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
পিএসসি জানায়, ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি দুই হাজার ৫২টি পদের বিপরীতে ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ২৪ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী অংশ নেন। দুই দফায় সংশোধিত ফলাফলে ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন। এ বছরের ৩১ মার্চ ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা (বিষয়ভিত্তিক বাদে) শেষ হয়।



