অবশেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতির দুই মামলার বিচারক পরিবর্তন করেছে সরকার। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর দুই মামলার বিচারক বাসুদেব রায়কে পরিবর্তন করে আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জেলা ও দায়রা জজ) আবু আহমেদকে বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আদালতের বিচারক পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে দুটি দুর্নীতির মামলা দায়ের করে দুদক। দুটি মামলা ঢাকার বকশিবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালতে বিচার কাজ চলছে। অরফানেজ ট্রাস্ট মামলার সাক্ষ্য গ্রহণ মুলতবি চেয়ে খালেদা জিয়ার একাধিক আবেদন খারিজ করায় বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়ের প্রতি অনাস্থা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। এ অবস্থায় সরকার বাসুদেব রায়কে বদলি করে নতুন বিচারক নিয়োগ দিলো। উল্লেখ্য, দুই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর।



