কিছুদিনের মধ্যেই বাংলাদেশ ছাড়ছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। শেষ সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ অনেকের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করছেন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ হয় পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলীর সঙ্গে। এসময় নানা আলাপে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন মজীনা। এমনকি সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তার কণ্ঠ ভারী হয়ে আসে। এই মুহূর্তে বাংলাদেশ ছাড়তে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না বলেও জানান মজীনা।
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, মুহূর্তে বাংলাদেশ ছাড়তে মানসিকভাবে প্রস্তুত ছিলেন বাংলদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো গভীর এবং দৃঢ় হয়েছে। এ বিষয়টি নিয়ে আমি খুবই গর্বিত। এসময় তিনি গত অক্টোবরে দু’দেশের মধ্যে অনুষ্ঠিত অংশীদারিত্ব সংলাপের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, একটি পরিপক্ক সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কিছু বিষয়ে মতানৈক্য থাকা। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বন্ধু কানাডার সঙ্গে যেমন আছে বাংলাদেশের সঙ্গেও আছে। দায়িত্ব পালনকালে তিনি মতানৈক্যের বিষয়গুলো চিহ্নিত করেছেন বলে দাবি করেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে স্বাস্থ্য, কৃষি, বৈশ্বিক জলবায়ু, নিরাপত্তা সব বিষয়ে অংশীদারী হয়ে কাজ করছে বলে জানান তিনি।
তিনি বলেন, রোহিঙ্গা বিষয়টি নিয়েও আলাপ হয়েছে (পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে)। মায়ানমারের এসব নাগরিকদের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামাও অবগত। বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করা নিয়েও তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। দেশের প্রান্তে প্রান্তে তার এসব ভ্রমণে সহযোগিতা করার জন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ধারণা দিতে দায়িত্ব পালনকালে বছরে চারবার যুক্তরাষ্ট্রে কাটিয়েছি। কারণ, তারা (মার্কিনিরা) বাংলাদেশের রানা প্লাজার কথা জানে, জানে এদেশের দারিদ্র্যের কথাও। কিন্তু, সেটাই আসল বাংলাদেশ নয়। এই তিন বছরে আমি বাংলাদেশের সেসব না বলা কথাগুলোই বারবার গল্প করেছি মার্কিনিদের কাছে। মজীনা বলেন, আমি খুবই ভারাক্রান্ত মনে বাংলাদেশ ছাড়ছি। নিজের বাবা কৃষক ছিলেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের কৃষকদের সংস্পর্শে গিয়ে তার বাবার স্পর্শ পেয়েছেন তিনি। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাতেও মজীনা আবেগাপ্লুত হয়ে পড়েন। ১৯৯৮ সাল থেকেই তারা দু’জন ভালো বন্ধু।




