মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার নিজের দল ছাড়া আর কাউকে রাজনীতি করতে দিতে চায় না। মুক্তিযুদ্ধের পরেরও তারা একই অবস্থা কায়েম করেছিলো। কিন্তু তা বেশিদিন টেকেনি। ‘এখনো সরকারের ভীত নরম হয়ে আসছে, তারা সংকীর্ণ হয়ে পড়েছে। এজন্যই ক্ষমতা আঁকড়ে থাকতে তারা এসব করছে। কেউ এভাবে টিকে থাকতে পারে না। তাদেরকেও একদিন জনগণের কাছে আত্মসমর্পন করতে হবে’, যোগ করেন ফখরুল। তিনি অভিযোগ করেন, সরকার প্রশাসন ও বিচার বিভাগ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করায় জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এখন সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশ দিয়ে জনগণকে নির্যাতন করছে, ভয়ভীতি দেখাচ্ছে।এনডিপি সভাপতি গোলাম মর্তুজার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মবিন, এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুর জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির নেতৃত্বের বিরুদ্ধে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে লাগাতার বিক্ষোভ দেখায় সংগঠনটির পদবঞ্চিত নেতাকর্মীদের একটি অংশ। এরই জের ধরে গত রোববার (১৯ অক্টোবর) ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্ব ও পদবঞ্চিত নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে বিএনপির দলীয় কার্যালয়েও হামলা ও ব্যাপক ভাংচুর চালানো হয়।




