বাংলাদেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতিসহ যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এমপিদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির নেতারা। জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও চিফ হুইপ আ স ম ফিরোজের সঙ্গে সাক্ষাৎকালে তারা এই আহ্বান জানান।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়াম্যান ডা. মোহাম্মদ সিরাজুল আকবর এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন ডা. হাবিবে মিল্লাত এমপি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির গভর্নেন্স সাপোর্ট, পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল ওভারসাইট ডিপার্টমেন্টের হেড ফ্রাঙ্ক মোরহাউয়ার, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস’র হেড অব ডেলিগেশন ক্রিস্টিন চিপোলা এবং ডেপুটি হেড অব ডেলিগেশন দারকো জরদানোভ।
বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্ট সব সময় এগিয়ে আসে জানিয়ে রেডক্রস নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের কার্যক্রম বিস্তৃত। সারাবিশ্বে রেডক্রিসেন্ট আর্তমানবতার সেবায় নিয়োজিত। সব ক্ষেত্রে নিরপেক্ষভাবে রেড ক্রিসেন্ট কাজ করে থাকে।
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ একটি রোল মডেল। বাংলাদেশের তৃণমূল পর্যায়েও দুর্যোগ মোকাবেলা কমিটি রয়েছে। তারা যে কোনো দুর্যোগে তাৎক্ষণিকভাবে মানুষের পাশে দাঁড়ায়। চিফ হুইপ বাংলাদেশে রেড ক্রিসেন্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে প্রতিনিধিদলকে দক্ষিণাঞ্চলের ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বেশি করে সাইক্লোন শেল্টার স্থাপনের আহ্বান জানান।




