রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগ৭ খুনের ঘটনায় র‌্যাব জড়িত : শামীম ওসমান

৭ খুনের ঘটনায় র‌্যাব জড়িত : শামীম ওসমান

নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ৭ খুনে আমার কথা সত্য প্রমাণিত হয়েছে। আমি বলেছিলাম ৭ খুনের ঘটনায় র‌্যাব জড়িত। এটি প্রমাণিত হয়েছে। আটককৃতরা ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। যা এখনো প্রত্যাহার করা হয়নি। মঙ্গলবার সচিবালয়ে চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনায় গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীকে দুর্নীতিবাজ বলেও আখ্যায়িত করেন তিনি।

৭ খুনের ঘটনায় নারায়ণগঞ্জের গডফাদাররা জড়িত রোববার সাংবাদিকদের দেওয়া আইভীর এমন বক্তব্য সম্পর্কে তিনি বলেন, আমি সেই লেভেলের মানুষ না। ও যে লেভেলে কথা বলে। আমার মনে হয় সে কাউকে না কাউকে সেভ করতে চাইছে। আগে গডফাদার হিসেবে আমার নামই বলতেন। এখন আর নাম বলছেন না। ভবিষ্যতে এটাও আর বলবেন না।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শামীম ওসমান সচিবালয়ে হাজির হন। এর পাঁচ মিনিট পরই তিনি তদন্ত কমিটির মুখোমুখি হন। এর আগে সাংবাদিকরা তাকে ঘিরে ধরার চেষ্টা করলেও তিনি সাংবাদিকদের এড়িয়ে ভিতরে ঢুকে পড়েন। আগের দিন সোমবার প্রায় একই সময়ে সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি।

গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন। এরপর ৩০ এপ্রিল ছয়জনের এবং ১ মে আরেকজনের লাশ ভেসে ওঠে শীতলক্ষ্যায়। এ ঘটনায় আরেক কাউন্সিলর নূর হোসেনসহ র‌্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে হাইকোর্টের নির্দেশে ৭ মে শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এর পর র‌্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তাকে আটক করা হয়। তারা কারাগারে রয়েছেন। আর নূর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ