সামাজিকভাবে প্রতিষ্ঠিত, জনপ্রিয়, সৎ-যোগ্য ও নিষ্ঠাবানরাই আওয়ামী লীগের নতুন কাউন্সিলে কমিটিতে ঠাঁই পাবেন বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। রোববার সন্ধ্যায় দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হানিফ জানান, সভায় সাতটি সাংগঠনিক জেলায় কাউন্সিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই জেলাগুলোর কাউন্সিলের সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে দলের সাংগঠনিক এ বৈঠকে। এর মধ্যে ২১ জুন মুন্সীগঞ্জ জেলা, ২৬ জুন বরগুনা জেলা, ২৭ জুন পটুয়াখালী জেলা, ২৮ জুন কিশোরগঞ্জ জেলা, ১২ জুলাই ঠাকুরগাঁও জেলা, ১৫ জুলাই খুলনা মহানগর ও ১৯ জুলাই রাজশাহী মহানগর কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হবে।
এসব কাউন্সিল ও কমিটিতে গডফাদাররা স্থান পাবেন কি-না এমন প্রশ্ন ছিল দলের এ যুগ্ম সাধারণ সম্পাদকের কাছে। উত্তরে তিনি জানান, আমি বিশ্বাস করি, কাউন্সিলররা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, জনপ্রিয়, সৎ-যোগ্য ও নিষ্ঠাবানদেরই নির্বাচিত করবেন।
৭ জুন ছয়দফা দিবসের আলোচনা সভায় দেওয়া ‘বৈধ পথে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না’ দলের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের ব্যাখ্যা চাইলে হানিফ বলেন, এর অর্থ হচ্ছে শেখ হাসিনা যে উন্নয়ন করছেন তাতে দেশ ও মানুষ উপকৃত হচ্ছেন। মানুষ তাকে চান। এ জনপ্রিয়তার কারণে তাকে বৈধ পথে হটানো যাবে না।
‘৭৫ এর নৃশংস ঘটনা আওয়ামীমনারাই করেছেন’ বিএনপি নেতাদের এমন দাবির প্রেক্ষিতে হানিফ প্রশ্ন করেন, যদি আওয়ামী লীগাররাই এ হত্যাকাণ্ড করে থাকেন, তাহলে পরবর্তীতে জিয়াউর রহমান কেন তাদের প্রশ্রয় দিয়েছেন?
বিকেল ৫টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। রুদ্ধদ্বার ওই বৈঠক চলে প্রায় দু’ঘণ্টা সময় ধরে।
সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, ডা. দীপু মনি এমপি ও জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাড. মিজবাহ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল হক এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, বীর বাহাদুর এমপি, আবু সাঈদ আল মামুন স্বপন এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি।




