ফেনীর সোনাগাজী উপজেলায় মঙ্গলবার রাতে জসিম উদ্দিন (৩৫) নামের যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। জসিম উদ্দিন উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৯ নম্বর (আদর্শগ্রাম) ওয়ার্ডের যুবলীগের সভাপতি।
এলাকাবাসী জানান, গতকাল দিবাগত রাত একটার দিকে গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে জসিম উদ্দিন তাঁর সঙ্গীদের নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। জসিম উদ্দিনের চিত্কারে এলাকার লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে জসিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে মো. সুমন (৩০) নামের একজনকে আটক করেন এলাকাবাসী। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও চারজনকে আটক করেছে পুলিশ।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটতে পারে। আটক পাঁচজন পুলিশ হেফাজতে আছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।




