ক্ষমা চাওয়ায় আপাতত বাঁচলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় । গয়েশ্বরসহ অভিযুক্ত তিন জনের পক্ষে তাঁদের আইনজীবীরা আদালতের কাছে ক্ষমা চাইলে হাইকোর্ট আজ রবিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ তিন জনকে সতর্ক করে দিয়ে আদালত অবমাননার অভিযোগটির নিষ্পত্তি করে দিয়েছেন। ‘সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দি’- এই মন্তব্য করার পর তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। হাইকোর্ট গয়েশ্বরসহ তিন জনকে আদালতে তলব করলে আজ রবিবার তিনি দ্বিতীয়বাবের মতো হাইকোর্টে হাজির হয়ে তাঁদের বক্তব্যের ব্যাখ্যা দেন।
হাইকোর্টে গয়েশ্বরসহ অন্য দু’জনের পক্ষে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল গয়েশ্বরের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করে জানান, তারা এ বিষয়ে আদালতে আইনি লড়াইয়ে যেতে চান না। পরে তিনজনকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে রুলের নিষ্পত্তি করে দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ।



