ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শনিবার রাত সোয়া নয়টার দিকে জাকির হোসেন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বাড়ি কুমিল্লায়। কর্মকর্তারা বলেছেন, আটক করা সোনার ওজন প্রায় দুই কেজি। দাম প্রায় এক কোটি টাকা।
বিমানবন্দর সূত্র জানায়, এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন জাকির হোসেন নামের ওই যাত্রী। তিনি রুটি তৈরি করার মেশিনে ১৭টি সোনার বার ভরে রাত সোয়া নয়টার দিকে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। সন্দেহ হওয়ায় শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তাঁর মালপত্র তল্লাশি করে এসব সোনা পান। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




