ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হলেন একুশে টেলিভিশনের ছয় সাংবাদিক। শনিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতাল ও কলেজে যান একুশে টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরাম্যান। পরে হাসপাতালের ওয়ার্ডে সদ্য অপারেশন হওয়া এক রোগীর চিকিৎসায় অবহেলার বিষয়ে জানতে চাওয়া হলে দায়িত্বরত শিক্ষানবীশ চিকিৎসক তাদের উপর হামলা চালায়।
খবর পেয়ে আরও চার প্রতিবেদক ও ক্যামেরাম্যান হাসপাতালের ওর্য়াডে উপস্থিত হলে তাদের ওপরেও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন সাংবাদিকরা। এ সময় একুশে টেলিভিশনের তিনটি ক্যামেরা ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন তারা।




