ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান। বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন এই মাইলফলক অতিক্রম করল।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৯০০ কোটি ডলার অতিক্রম করেছিল। মাত্র দুই মাসের ব্যবধানে আবারও বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের রেকর্ড ভঙ্গ করল। গত বুধবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ১৯ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। তখনি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা অচিরেই রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের আশা প্রকাশ করেছিলেন। রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়ায় ১৯ মার্চ রিজার্ভ আবারো ১৯ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, সদ্য শেষ হওয়া মার্চ মাসে ১২৭ কোটি ৩৩ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা এ যাবৎকালে দেশে আসা তৃতীয় সর্বোচ্চ।




