ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের বেছে বেছে গুম, খুন ও পাইকারি হারে গ্রেফতার করে গোটা দেশকেই এক ভয়ঙ্কর বন্দিশালায় পরিণত করেছে অবৈধ শাসকগোষ্ঠী। প্রতিহিংসামূলকভাবে শীর্ষ নেতাদের আটকে রেখে সিংহাসনকে অবৈধভাবে আঁকড়ে থাকতে চাচ্ছে।
রোববার বিকালে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ঢাকা মহানগর বিএনপি’র সদস্য সচিব আব্দুস সালামের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রেক্ষিতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, ‘বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী প্রতিনিয়ত বিরোধী দলের নেতাকর্মীদেরকে বেছে বেছে গুম, খুন ও পাইকারি হারে গ্রেপ্তারের মধ্য দিয়ে গোটা দেশকেই এক ভয়ঙ্কর বন্দীশালায় পরিণত করেছে। কেন্দ্রীয় নেতাদেরকে পালাক্রমে আটকে রেখে তারা তাদের সিংহাসনকে অবৈধভাবে আঁকড়ে থাকতে চাচ্ছে। অগণতান্ত্রিক, জনবিরোধী, মানবতাবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে তারা জনগণ থেকে এতো বেশি দূরে সরে গেছে যে জনরোষ থেকে বাঁচতে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজী, জুলুমবাজী ও সন্ত্রাসের চরম মাত্রায় উপনীত হয়ে এই অবৈধ সরকার গণবিচ্ছিন্ন ও গণধিকৃত হয়েছে।’
বেগম জিয়া দৃঢ়কণ্ঠে বলেন, ‘বিরোধী দলকে ধ্বংস করতে বর্তমান অবৈধ সরকারের মহাপরিকল্পনা কখনোই আলোর মুখ দেখবে না। আওয়ামী লীগ কখনোই মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করেনি, কারণ আওয়ামী লীগের ঐতিহ্যই হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সবসময়ই অবজ্ঞা প্রদর্শণ। স্বৈরাচারী নীতির কারণেই অতীতে তাদের পরিনতি ভালো হয়নি, আগামীতেও হবে না।’
বেগম জিয়া জোর দিয়ে বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ন্যাক্কারজনক মামলা দিয়ে গ্রেপ্তার করে চলমান আন্দোলনকে দুর্বল করা যাবে না, বরং সংগ্রামী জনগণ অবৈধ সরকারের সব অনাচারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত হচ্ছে।’
বিএনপি চেয়ারপারসন অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামকে নিঃশর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানান।




