ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বদু কাকা সম্বোধন করে সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা .একিউএম বদরুদ্দোজা চৌধুরী। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
তিনি বলেন বলেন, ‘এই উক্তি আওয়ামী লীগের নেতা হিসেবে জনগণ আশা করে- কিন্তু প্রধানমন্ত্রী বা বঙ্গবন্ধু কন্যা হিসেবে উক্তিটি অনভিপ্রেত।’ বি চৌধুরী বলেন, ‘আমি বদরুদ্দোজা চৌধুরী একজন সাবেক প্রেসিডেন্ট। একজন সাবেক প্রেসিডেন্টকে বদু কাকা সম্বোধন করে প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রীর মতো ব্যক্তির পক্ষে কৌতুকউক্তি করা অরুচিকর।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তিনি নিয়মিত নামাজ ও কোরআন পাঠকারী হিসেবে পরিচয় দান করেন। তিনি নিশ্চয় লক্ষ্য করবেন পবিত্র কোরআনে নাম বিকৃত করার উপর কঠিন নিষেধ আছে।’ সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘বদরুদ্দোজা, শামসুদ্দোহা, নুরুল হুদা- এসব নাম আমাদের নবী হযরত মুহাম্মদ (স.) এর নামের সমার্থক। আমরা এসব নাম নিয়ে কৌতুক করি না। আল্লাহ আমাদের ক্ষমা করুন।’
সোহরাওয়ার্দীতে শুক্রবার আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উনি (খালেদা জিয়া) একেবারে লাল টুকটুকে শাড়ি পরে বদু কাকার সাথে বৈঠক করছেন। যাদেরকে একদিন তিনি তাড়িয়ে দিয়েছিলেন তিনি এখন তাদের কাছে ধর্ণা দিচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘জানি না বদু কাকা একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে গিয়েছিলেন কিনা। খালেদা জিয়া একদিন তাকে ও তার ছেলেকে (বি চৌধুরী ও তার ছেলে মাহি বি চৌধুরী) এমন ধাওয়া দিয়েছিলেন যে রেল লাইনের নিচ দিয়ে তাদের পালাতে হয়েছিল। জানি না এখন তারা দুজনে কুজনে কী কথা বলে।’




