ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
কয়েক দফায় চলমান উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে সিলেট বিভাগীয় বিএনপির নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রোববার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ বৈঠক হয় বলে জানায় দলীয় সূত্র।
চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র জানায়, বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীসহ দলের সিলেট বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন। একইসঙ্গে বৃহত্তর সিলেটের উপজেলাগুলোর সম্ভাব্য অনেক দল মনোনীত ও বিদ্রোহী প্রার্থী উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, আসন্ন উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে খোদ বিদ্রোহীসহ দলের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে দলের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে আলোচনা হয় বৈঠকে।
এছাড়া, স্থানীয় বিএনপিতে অন্তঃকোন্দল নিরসন করে সাংগঠনিক কাঠামো মজবুতের মাধ্যমে কর্মীদের সক্রিয় করে আগামী দিনের আন্দোলন কর্মসূচিতে সর্বোচ্চ ভূমিকা রাখার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।




