রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়হরতাল-অবরোধ-সহিংসতা চালিয়ে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে : প্রধানমন্ত্রী

হরতাল-অবরোধ-সহিংসতা চালিয়ে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে : প্রধানমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

গ্রিন গ্যালারি স্টেডিয়ামসহ দেশের অবকাঠামোগত উন্নয়নের কাজ বাধাগ্রস্ত করায় বিএনপি জোটের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের উন্নয়ন কাজে অনেক প্রতিবন্ধকতা ছিল। হরতাল-অবরোধ-সহিংসতা চালিয়ে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সিলেটবাসীসহ দেশবাসী ও আইন-প্রয়োগকারী সংস্থাসমূহের সর্বোচ্চ সহযোগিতায় আমরা এসব কাজ নির্বিঘ্নে শেষ করতে পেরেছি। এজন্য দেশবাসীসহ সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। শুক্রবার বিকেলে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানের পর আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনে সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, আগামী বিশ্বকাপ ক্রিকেটের সকল খেলার ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। বিশ্বকাপ চলাকালে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেজন্য এখানকার বাসিন্দাদেরই সহযোগিতা কাম্য।
সিলেটের উন্নয়নে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের সুষম উন্নয়নে আওয়ামী লীগই ভূমিকা রাখে। সেই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ক্ষমতায় এসে সিলেটকে সত্যিকার অর্থে বিভাগ করে গড়ে তোলার জন্য সব পদক্ষেপ নিই আমরা। সুধী সমাবেশের আগে দেশের প্রথম গ্রিন গ্যালারি স্টেডিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এসময় তার সঙ্গে ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ কেন্দ্রীয় ও সিলেট আওয়ামী লীগের নেতারা।
এর আগে, বেলা সোয়া ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান। এরপর কড়া নিরাপত্তায় সেখান থেকে সিলেট সার্কিট হাউজে যান তিনি। বিকেল ৩টার পরে প্রথমে শাহজালাল ও পরে সাড়ে ৩টার দিকে শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেন শেখ হাসিনা।
১৫ মার্চ থেকে ক্রিকেটের ক্ষুদে সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এ বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে উদ্বোধন হওয়া গ্রিন গ্যালারি স্টেডিয়ামেও।
আরও পড়ুন

সর্বশেষ