মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক

দেশের রপ্তানি খাতের সম্প্রসারণ এবং প্রথাগত পণ্যের বাইরে নতুন নতুন সম্ভাবনাময় খাতের বিকাশে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার ‘এক্সপোর্ট ডাইভারসিফিকেশন রিফাইন্যান্স স্কিম (ইডিআরএস)’-এ যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি পার্টিসিপেটিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (পিএফআই) চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের ‘সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট’-এর চালু করা এই তহবিলটির মূল লক্ষ্য হলো, ‘রপ্তানি নীতি ২০২৪-২০২৭’-এর সাথে মিল রেখে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা। বিশেষ করে যেসব খাতে দেশের নিজস্ব বা স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়, সেগুলোকে এই তহবিলের আওতায় বেশি প্রধান্য দেওয়া হবে। এছাড়া নির্দিষ্ট কিছু বাজারের ওপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক বাজারে নতুন ও সম্ভাবনাময় খাতগুলোর প্রতিযোগিতা করার সক্ষমতা বাড়িয়ে তোলাও এই স্কিমের আরেকটি বড় উদ্দেশ্য।

এই স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্র্যাক ব্যাংক রপ্তানিমুখী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ৭% সুদে তিন বছর মেয়াদে অর্থায়ন করতে পারবে। এই মেয়াদের মধ্যে ছয় মাসের গ্রেস পিরিয়ড অন্তর্ভুক্ত থাকবে।

১ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন্নবী চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ চুক্তি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে ব্র্যাক ব্যাংক রপ্তানিকারকদের সহজ শর্তে ও কম খরচে অর্থায়ন করতে পারবে। এর ফলে তারা প্রথাগত পণ্যের বাইরে নতুন পণ্যের জন্য আন্তর্জাতিক বাজার তৈরি করতে পারবেন এবং বাংলাদেশের সামগ্রিক রপ্তানি খাতকে আরো সমৃদ্ধ করতে পারবেন। রপ্তানি বহুমুখীকরণে সহায়তার মাধ্যমে এই স্কিম দেশের অর্থনৈতিক সহনশীলতা জোরদার, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখবে। আমরা যোগ্য রপ্তানিকারকদের ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এই সুবিধাটি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে তারা দেশের রপ্তানি আয় বাড়াতে আরো বড় ভূমিকা রাখতে পারেন।”

আরও পড়ুন

সর্বশেষ