ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে আজও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে। তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি এ সব কাজ করছে। বুধবার দুপুরে বিসিএস শিক্ষা ক্যাডারের ১৩৯তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারা দেশকে পরাধীন রাখতে চেয়েছিল কিন্তু না পেরে আজও তারা বোমা মেরে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। দেশে এখনও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি বিদ্যমান আছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা যখন মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নের দিকে এগুচ্ছি তখন সভ্য জগতের কাছে যারা যুদ্ধাপরাধী হিসেবে স্বীকৃত তারা নানাভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। ৭১’সালে তারা ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, এখনও তারা মানুষ মারছে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘লেখা পড়া শিখে মানুষ হতে না পারলে সে লেখা পড়া শিখে কী লাভ? নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সৃষ্টিতেও শিক্ষকদেরই বড় ভূমিকা রাখতে হবে।’
নায়েমের মহাপরিচালক এ এস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নায়েমের সাবেক মহাপরিচালক শেখ একরামুল হক, কোর্স উপদেষ্টা ও নায়েমের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল মান্নান, কোর্স পরিচালক ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ অধ্যাপক মাহফুজা শাহনাজ, নায়েমের পরিচালক নীলুফার বেগম নীলু।




