ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ বৃহস্পতিবার প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি, সেটার জন্য কালকে (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন।রোডম্যাপ কবে ঘোষণা করা হবে, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি। আপনারা কাল (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমরা যে কর্মপরিকল্পনা (রোডম্যাপ) করেছি, সে কর্মপরিকল্পনাটা আপনাদের জানাবো। আমি ঢাকার বাইরে থাকায় একটু পিছিয়ে পড়েছি। এটা আমার টেবিলে এখন আছে। আগামীকাল পর্যন্ত একটু অপেক্ষা করেন।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব আজ এক বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করেছে কমিশন। এখন যেকোনো সময় নির্বাচনের এই রোডম্যাপ আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।
এ বিষয়ে একজন নির্বাচন কমিশনার বলেন, কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে। এর আগে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই-একদিনের মধ্যে প্রকাশ করা হবে।




