বিভ্রান্তিমূলক সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এস আলম গ্রুপ। এক বিবৃতিতে গ্রুপটির পক্ষ থেকে বলা হয়, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, এস. আলম গ্রুপকে নিয়ে সম্প্রতি দেশের এক শ্রেণীর গণমাধ্যমে ভয়াবহ রকম বানোয়াট সংবাদ প্রচারের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপপ্রয়াস চালানো হচ্ছে। বিশেষত ০৫ই অগাস্ট পটপরিবর্তনের পর মিডিয়া ক্যু সৃষ্টি করে কোন ধরনের প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এস. আলম গ্রুপকে নিয়ে একের পর এক বিভিন্ন অপতথ্য, মিথ্যা ও ভিত্তহীন সংবাদ প্রচার করে দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টায় লিপ্ত আছে।
এ ধারাবাহিকতায়, এক শ্রেণীর হলুদ মিডিয়া জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ কিংবা গ্রুপের অন্য কোনো সদস্য বা প্রতিনিধি দিল্লি সফরে না যাওয়া সত্ত্বেও তার/তাদের দিল্লি সফরের মিথ্যা সংবাদ প্রচার করে দেশের জনগণ তথাপি সরকারকে বিভ্রান্ত করছে। আমরা এ ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এস আলম গ্রুপ জন্মলগ্ন থেকেই দেশের ও দেশের মানুষের কল্যাণে তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করে আসছে। কোনধরনের রাজনৈতিক কার্যকলাপের সাথে অত্র গ্রুপের কোন সংশ্লিষ্টতা নেই ও অতীতেও ছিলনা। বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে দেশের সংকটময় মুহুর্তে ও খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকটে এবং মহামারি ও বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় ও বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এস. আলম গ্রুপ অগ্রণী ভূমিকা রেখে চলেছে।
ছাত্র জনতার অভ্যুত্থান এর পরবর্তী সময়ে এস আলম গ্রুপকে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এর ভিত্তিতে এর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু তারপরও এ প্রতিকূল অবস্থায় অত্যন্ত ধৈর্য ও দেশপ্রেম নিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু আজ কিছু মিডিয়া কর্তৃক অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আমাদের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে যা অনভিপ্রেত।
এ ধরনের গুজব ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশের আপামর জনসাধারণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। রিপোর্টটি পড়লেই বুঝা যায় যে, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরী। দেশ যখন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরতে যাচ্ছে, তখন নির্বাচন বানচাল করে সে দায়ভার এস. আলম গ্রুপের ওপর দিয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কিছু চিহ্নিত স্বার্থস্বেষী ও কুচক্রীমহল চক্রান্ত করছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের জনগণ এধরনের আষাঢ়ের গল্প প্রত্যাখ্যান করবেন। আমরা আরও বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এর সমৃদ্ধির পথে অগ্রযাত্রাকে কোন ষড়যন্ত্র রুখতে পারবে না।
সত্য-মিথ্যা যাচাই না করে এ ধরনের প্রতিবেদন প্রকাশ কিংবা বক্তব্য প্রদান থেকে বিরত থাকা এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভুমিকা পালনের জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।




