ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
যুবদলের সাধারণ সম্পাদক আবদুল গফুরকে হত্যার প্রতিবাদে পটিয়া উপজেলায় অর্ধদিবস হরতাল আহবান করেছে স্থানীয় বিএনপি। রোববার বিকালে হরতালের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিস মিয়া।
তিনি বলেন, আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা উপজেলা যুবদল সাধারণ সম্পাদক আবদুল গফুরকে কুপিয়ে হত্যা করেছে। এর প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পটিয়া উপজেলায় হরতাল আহবান করা হয়েছে। অবিলম্বে হত্যাকারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে নইলে আরো কঠোর কর্মসুচী দেওয়া হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত শনিবার গভীর রাতে পটিয়া উপজেলার মুজাফফরাবাদ কালী বাড়ি এলাকায় আবদুল গফুরকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে খুন হন আবদুল গফুর।




