ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজনীতি ও পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যাচ্ছেন তৈরি পোশাক শিল্প মালিক ও ব্যবসায়ী নেতারা। এরপর সেখান থেকে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গেও দেখা করতে যাবেন তারা। সাক্ষাতে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা উভয়কেই পৃথক স্মারকলিপি দেবেন পোশাক শিল্প মালিক ও ব্যবসায়ী নেতারা। সোমবার সন্ধ্যা সোয়া ৫টায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন-বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম এ কথা জানান।
এর আগে বিকাল সাড়ে ৩টায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্ট্যান্ডার্ড গার্মেন্টে অগ্নিসংযোগের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিএমইএ ভবনে তৈরি পোশাক শিল্প মালিক ও ব্যবসায়ীদের মধ্যে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করে তাদের স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। এদিকে মতবিনিময় সভায় পোশাক শিল্প মালিক ও ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, পোশাক কারখানায় অতীতের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।




