ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের জয়পুরায় দুইটি বাস ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ৬ জন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাবতলী থেকে সাটুরিয়াগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস, ইপিজেড থেকে আসা আরেকটি বাস এবং একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলে চারজন নিহত হন। অন্যরা হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।




