স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড আগেই গড়েছিলেন সাকিব আল হাসান। মঙ্গলবার মোহাম্মদ রফিককে পেছনে ফেলে আরও একটি রেকর্ড নিজের করে নিলেন টেস্টের সেরা অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে ৩১ ম্যাচে ১১০ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট তালিকার শীর্ষে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
১১ মাস পূর্বে খুলনার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শততম উইকেট নিয়ে মোহাম্মদ রফিকের রেকর্ড ভাঙেন সাকিব। ১০০ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন বাহাতি স্পিনার মোহাম্মদ রফিক।
ঢাকা টেস্টেও মোহাম্মদ রফিকের আরেকটি রেকর্ড নিজ দখলে নিলেন সাকিব। ৬৬ উইকেট নিয়ে বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ উইকেট নেবার রেকর্ড ছিলো রফিকের দখলে। মঙ্গলবার ঢাকা টেস্টে সেই রেকর্ড নিজের নামে করে নিলেন সাকিব।
ঢাকা টেস্ট শুরুর আগে ৬৫ উইকেট নিয়ে বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ উইকেট নেবার তালিকায় দ্বিতীয় স্থানে ছিলন সাকিব। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে হামিশ রাদারফোর্ডের উইকেট নিয়ে মোহাম্মদ রফিকের পাশে এসে দাঁড়ান সাকিব। এক ওভার পর ফুলটনকে ফিরিয়ে দিয়ে ৬৭তম উইকেট শিকার করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।




