ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নির্বাচনকালীন সময়ে সর্বদলীয় সরকারের বিষয়ে আলোচনার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেকোনো সময় ফোন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদেরও ফোন দেবেন তিনি। তবে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামকে ডাকবেন না শেখ হাসিনা। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী চান সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক ছিল এরই অংশ।
বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, ‘দু-একদিনের মধ্যেই নেত্রী (শেখ হাসিনা) বিরোধীদলীয় নেতাকে আলোচনার জন্য ফোন দেবেন। আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে বিএনপির উচিত হবে আহ্বানে সাড়া দেয়া।’
এর আগে গত ১৮ অক্টোবর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সময়ে সর্বদলীয় সরকারের প্রস্তাব দেন। তিনি বলেন, ‘আমি বিরোধী দলের কাছে প্রস্তাব করছি যে, বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে থেকেও আপনারা নাম দিতে পারেন যাদের আমরা অন্তর্বর্তীকালীন সময়ে মন্ত্রিসভায় সদস্য করে সর্বদলীয় সরকার গঠন করতে পারি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রস্তাবে জনগণ ‘হতাশ’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর এ প্রস্তাবের বিপরীতে নির্দলীয় সরকারের পাল্টা প্রস্তাব দিয়েছেন। ১৯৯৬ ও ২০০১ সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে দুই দলের সম্মতির ভিত্তিতে দশজনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির যুগ্মমহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী ফোন করবেন কি না তা আমার জানা নেই। তিনি আলোচনার জন্য ফোন করলে বিষয়টিকে আমি ইতিবাচক হিসেবেই দেখবো। তবে ফোন করার পর বিএনপি চেয়ারপারসন আলোচনায় যাবেন কি না সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।’
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানসহ একটি প্রতিনিধি দল রবিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এসময় তারা সর্বদলীয় সরকার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে জাপার একজন প্রেসিডিয়াম সদস্য।




